নাটোরের নলডাঙ্গায় ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নলডাঙ্গা উপজেলা চত্বরে র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, তামাক মানবস্বাস্থ্যের জন্য একটি নীরব ঘাতক। এটি শুধু একজন ব্যক্তির জীবনকেই ঝুঁকির মুখে ফেলে না, বরং পরিবার, সমাজ ও পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বজুড়ে তামাকজনিত রোগে ৮০ লাখের বেশি মানুষের অকাল মৃত্যু ঘটে।
আলোচনায় আরও বলা হয়, ধূমপানের কারণে ফুসফুস, মুখগহ্বর, কণ্ঠনালী ও খাদ্যনালীর ক্যানসারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ে। পাশাপাশি হৃদরোগ, স্ট্রোক ও অন্যান্য অসংক্রামক রোগের অন্যতম কারণও তামাক সেবন। তাই তরুণ প্রজন্মকে তামাক ও নিকোটিনের আসক্তি থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

