হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন করেছিল বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো প্রমাণ হাতে পায়নি যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সংঘাতের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হয়েছিল, ইরান কৌশলগত এই জলপথে মাইন পেতে রাখতে পারে। তবে পরে পরিচালিত পানির নিচের তল্লাশি ও অনুসন্ধান কার্যক্রমে মাইন হিসেবে নিশ্চিতভাবে শনাক্ত করা যায় এমন কোনো বস্তু পাওয়া যায়নি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষে অপসারণ করা সম্ভব হয়নি এমন কিছু মাইন সরিয়ে নিতে ইরান সম্মত হয়েছে। তবে এ দাবির পক্ষে প্রকাশ্যে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের মতে, প্রাথমিকভাবে যে মাত্রার হুমকার আশঙ্কা করা হয়েছিল, পরবর্তী অনুসন্ধানে তার সমর্থনে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। এমনকি কোনো সন্দেহজনক বস্তু থাকলেও তা সম্ভাব্য ঝুঁকির মাত্রা তুলনামূলকভাবে কম ছিল বলে ধারণা করা হচ্ছে।
এনবিসি নিউজের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে হরমুজ প্রণালিতে ইরানের মাইন স্থাপনের অভিযোগকে চূড়ান্তভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে বিষয়টি নিয়ে তদন্ত ও তথ্য যাচাই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোর অন্যতম হরমুজ প্রণালি। তাই এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।
