রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় দেশের প্রধান এই ঈদ জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
প্রধান জামাতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিদেশি কূটনীতিক এবং নানা শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।
ঈদের নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জাতীয় ঈদগাহে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মাঠের পরিচ্ছন্নতা, নিরাপত্তা, পানির ব্যবস্থা এবং প্রয়োজনীয় অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়।
ঈদ জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ও আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। মুসল্লিদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়।
