রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আগামী ঈদের দিন সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

সোমবার (২৫ মে) জাতীয় ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।

প্রশাসক মো. আবদুস সালাম বলেন, “আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহ মাঠেই সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামাত স্থানান্তর করা হবে।”

তিনি জানান, ঈদগাহ মাঠের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

নিরাপত্তা ও মুসল্লিদের সুবিধার কথা বিবেচনায় রেখে ঈদগাহে প্রবেশ ও বের হওয়ার জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। মাঠে প্রবেশের জন্য চারটি পথ এবং বের হওয়ার জন্য সাতটি পথ নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া মুসল্লিদের জন্য জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে মোট ১২১টি কাতারের ব্যবস্থা করা হয়েছে। অজুর সুবিধার্থে পাশেই বিশেষ অজুখানা তৈরি করা হয়েছে, যেখানে একসঙ্গে ১৪০ জন মুসল্লি অজু করতে পারবেন।

ডিএসসিসি জানিয়েছে, ঈদের জামাতকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা, নিরাপত্তা, পানি সরবরাহ ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version