ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হরমুজ একটি আন্তর্জাতিক জলপথ এবং সেখানে কোনো দেশের পক্ষ থেকে টোল আরোপের চেষ্টা গ্রহণযোগ্য নয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ নৌপথ সব দেশের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষ্য অনুযায়ী, হরমুজে মার্কিন নৌ-অবরোধ “শতভাগ কার্যকর” এবং এটি ভাঙার সক্ষমতা কোনো পক্ষের নেই।
তিনি আরও বলেন, “হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন পুরোপুরি আমাদের হাতে। আমাদের অবস্থান অত্যন্ত শক্তিশালী।”
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস দাবি করেছিল, গত ২৪ ঘণ্টায় হরমুজ দিয়ে ২৪টি জাহাজ চলাচল করেছে। তবে ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট হয়েছে, ওয়াশিংটন ইরানের প্রভাব বা নিয়ন্ত্রণের দাবিকে গুরুত্ব দিচ্ছে না।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ ঘিরে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারেও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালিতে অস্থিরতা দেখা দিলে বৈশ্বিক তেল সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
পর্যবেক্ষকদের ধারণা, সাম্প্রতিক পরিস্থিতি মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

