ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তারকা ফুটবলার। নতুন কোচ দায়িত্ব নেওয়ার পর প্রথমবার জাতীয় দলে ডাক পান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গত সোমবার রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’-তে ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়। সেখানে নেইমারের নাম ঘোষণা হতেই উপস্থিত দর্শকদের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

দল ঘোষণার সময় বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলেন নেইমার। নিজের নাম ঘোষণার পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। দুই হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়েন এই তারকা ফুটবলার। পরে সেই মুহূর্তের ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন তিনি।

এরপর নেইমার ছুটে গিয়ে ফিজিওথেরাপিস্ট রাফায়েল মার্টিনি এবং ফিটনেস কোচ রিকার্ডো রোসাকে জড়িয়ে ধরেন। দীর্ঘ সময়ের ইনজুরি পুনর্বাসনে তাদের অবদান ছিল গুরুত্বপূর্ণ।

সান্তোস ক্লাবের সতীর্থ ও স্টাফদের সঙ্গে কথা বলতে গিয়ে নেইমার বলেন, বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার এই অর্জন শুধু তার একার নয়, বরং পুরো পুনর্বাসন প্রক্রিয়ায় পাশে থাকা সবার সম্মিলিত সাফল্য।

তিনি আরও জানান, এই যাত্রা মোটেও সহজ ছিল না। প্রতিকূল সময় পেরিয়ে আবার জাতীয় দলে ফিরতে তাকে কঠিন পরিশ্রম করতে হয়েছে। দল ঘোষণার পর কয়েক ঘণ্টা ধরে কেঁদেছেন বলেও জানান ব্রাজিলিয়ান এই তারকা।

সমর্থকদের উদ্দেশে নেইমার বলেন, পুরো ক্যারিয়ারজুড়ে তিনি ভক্তদের সমর্থন পেয়েছেন। ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই এবার মাঠে নামবে দল।

Share.
Leave A Reply

Exit mobile version