দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ইসলামকে ব্যবহার করে একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে এবং দেশের বিভিন্ন অপকর্মের দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, দেশের মানুষ এখন ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে সচেতন। অপপ্রচার ও মিথ্যাচার করে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়। জনগণের মূল সমর্থন বিএনপির পক্ষেই রয়েছে।

তিনি অভিযোগ করেন, দেশে সংঘটিত বিভিন্ন অপকর্মের দায় বর্তমান সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধেই ভূমিকা পালন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, হামের প্রাদুর্ভাব নিয়ে একাধিকবার সতর্ক করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে নির্মূল হওয়া রোগ আবারও ফিরে এসেছে। তবে বর্তমান সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানান তিনি।

ফার্মাসিস্টদের প্রশংসা করে দুদু বলেন, এখন অনেক ফার্মেসি রাতভর সেবা দিচ্ছে, যা জাতীয় দায়িত্ববোধের পরিচায়ক।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়ে দলটি কখনো সঠিক অবস্থানে ছিল না। ১৯৭১ সালে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা পাকিস্তানের পক্ষে ছিল, দেশের মানুষ তা জানে।

বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বিএনপির নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান শামসুজ্জামান দুদু।

Share.
Leave A Reply

Exit mobile version