পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরও রাজনৈতিক উত্তাপ কমেনি। ভোটে অনিয়ম, গণনা প্রক্রিয়া ও সহিংসতার অভিযোগ তুলে এবার বিষয়টিকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে চায় তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছেন দলটির প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতার কালীঘাটে অনুষ্ঠিত বৈঠকে তিনি জানান, শুধু রাজ্যের ভেতরে নয়, দিল্লিতেও এ ইস্যুতে আন্দোলনের প্রস্তুতি চলছে। এ ক্ষেত্রে কংগ্রেসসহ ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের সঙ্গে সমন্বয় করার কথাও উল্লেখ করা হয়।

বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপে অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তিনি দলীয় সাংসদদের নির্দেশ দেন, হামলা ও অনিয়মের প্রতিটি ঘটনা লিখিত ও অনলাইনে নথিভুক্ত করতে, যাতে ভবিষ্যতে আইনি পদক্ষেপ নেওয়া যায়।

দলের অভ্যন্তরে কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগও উঠে আসে। অনেক ক্ষেত্রে পরিস্থিতি উত্তপ্ত থাকায় ক্ষতিগ্রস্তরা প্রকাশ্যে যেতে অনীহা প্রকাশ করছেন বলে জানান নেতারা।

এদিকে দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ধর্না বা অবস্থান কর্মসূচির প্রস্তাব দেন। জবাবে মমতা জানান, এ বিষয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে এবং জোটসঙ্গীদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে ভারতীয় জনতা পার্টি তৃণমূলের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দলের এক নেতা দাবি করেন, সহিংসতার ঘটনায় যাদের নাম আসছে, তাদের অনেকেই প্রকৃত দলীয় কর্মী নন।

বৈঠকে সাংগঠনিক কিছু পরিবর্তনের বিষয়ও উঠে আসে। একই সঙ্গে দলের ভেতরে পুরনো ও নতুন নেতৃত্বের মধ্যে দূরত্ব নিয়েও ইঙ্গিতপূর্ণ আলোচনা হয়, যদিও মমতা এ বিষয়ে প্রকাশ্যে বিতর্ক এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন।

বিশ্লেষকদের মতে, তৃণমূল এখন রাজ্যের রাজনীতির বাইরে গিয়ে নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রের প্রশ্নকে জাতীয় ইস্যুতে পরিণত করতে চাইছে। পাশাপাশি বিরোধী দলগুলোর মধ্যে নতুন করে সমন্বয় গড়ে তুলে কেন্দ্রের রাজনীতিতে প্রভাব বিস্তারের কৌশলও স্পষ্ট হয়ে উঠছে।

Share.
Leave A Reply

Exit mobile version