ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সমন্বিত করতে আগামী জুলাই থেকে দেশের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোড ব্যবহারের বাধ্যবাধকতা আসছে বলে জানিয়েছেন Mostakur Rahman।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

৪২৫ কোটি টাকার স্টার্টআপ তহবিল

দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের অংশগ্রহণে ৪২৫ কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি’। ব্যাংকগুলো তাদের মুনাফার ১ শতাংশ দিয়ে এই ভেঞ্চার ক্যাপিটাল তহবিল গঠন করেছে।

এই তহবিল থেকে প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল খাতের উদ্যোক্তাদের সিড, লেট সিড এবং সিরিজ-এ পর্যায়ে বিনিয়োগ করা হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও (এসএমই) এই সুবিধার আওতায় আসবেন বলে জানিয়েছেন Masrur Arefin।

বাংলাদেশ ব্যাংকও এই খাতে অতিরিক্ত ৫০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন করবে বলে জানান গভর্নর।

কী এই বাংলা কিউআর?

বাংলা কিউআর হলো Bangladesh Bank অনুমোদিত একটি আন্তঃলেনদেনযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। একটি মাত্র কিউআর কোড স্ক্যান করেই যেকোনো ব্যাংক অ্যাপ বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে ক্যাশলেস লেনদেন করা যাবে।

গ্রাহকদের সুবিধা

  • ছোট দোকান থেকে বড় শপিংমল—সব জায়গায় একই কিউআর কোড ব্যবহার করা যাবে।
  • যেকোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ দিয়ে স্ক্যান করে পেমেন্ট করা সম্ভব হবে।
  • দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত লেনদেনের সুবিধা মিলবে।

উদ্যোক্তাদের সুবিধা

  • বিক্রেতাকে শুধু একটি কিউআর কোড রাখতে হবে।
  • ক্রেতা স্ক্যান করে পেমেন্ট করলেই স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন পাওয়া যাবে।
  • প্রতিদিনের লেনদেন স্বয়ংক্রিয়ভাবে হিসাবভুক্ত থাকবে।

কীভাবে বাংলা কিউআর কোড পাওয়া যাবে?

বাংলা কিউআর পেতে যেকোনো ব্যাংকে সেভিংস, কারেন্ট বা এসএনডি অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হবে।

প্রয়োজনীয় যাচাই শেষে ৩ থেকে ৪ দিনের মধ্যে কিউআর কোড তৈরি করে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে গ্রাহককে জানানো হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

মাইক্রো মার্চেন্ট (মাসিক লেনদেন ১০ লাখ টাকার মধ্যে):

  • এনআইডির ফটোকপি
  • পাসপোর্ট সাইজের ছবি

রেগুলার মার্চেন্ট (মাসিক লেনদেন ১০ লাখ টাকার বেশি):

  • এনআইডির ফটোকপি
  • পাসপোর্ট সাইজের ছবি
  • টিন সার্টিফিকেট
  • টিন রিটার্ন স্লিপ

বিশেষজ্ঞদের মতে, বাংলা কিউআর চালু হলে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও একীভূত হবে এবং ক্যাশলেস অর্থনীতির পথে বড় অগ্রগতি আসবে।

Share.
Leave A Reply

Exit mobile version