নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা সজীব আহমেদ নামে ২৫ বছর বয়সী এক বন্দির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস।
সজীব আহমেদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা মো. সানাউল্লাহর ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে সজীব কারাগারে ছিলেন। ডাকাতির প্রস্তুতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এ সময় তার কাছ থেকে গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
জেল সুপার আব্দুল কুদ্দুস জানান, কয়েক দিন ধরে অসুস্থ থাকায় সজীবকে কারাগারের অভ্যন্তরীণ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে গত শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার প্রয়োজন মনে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে সজীবকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সজীবের রক্তচাপজনিত সমস্যা ছিল এবং দীর্ঘদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ চিকিৎসা সংক্রান্ত আনুষ্ঠানিক প্রতিবেদন ও অন্যান্য প্রক্রিয়া শেষে আরও পরিষ্কার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

