ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই বড় ধরনের জনকল্যাণমূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়।
রোববার (১০ মে) শপথ নেওয়ার পরপরই তিনি রাজ্যের সাধারণ মানুষের জন্য তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্বাক্ষর করেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘোষণা হলো—গৃহস্থালি ব্যবহারকারীদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে বা ভর্তুকি মূল্যে সরবরাহের উদ্যোগ।
সরকার গঠনের পর প্রথম দিকের পদক্ষেপেই তিনি জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দেন। একই সঙ্গে তিনি মাদকবিরোধী কঠোর অভিযান চালানোর নির্দেশ দেন এবং নারীদের নিরাপত্তা জোরদারে বিশেষ বাহিনী গঠনের পরিকল্পনার কথাও জানান।
শপথ গ্রহণ শেষে জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে বিজয় তার পরিচিত ভঙ্গিতে সমর্থকদের উদ্দেশে আবেগঘন বক্তব্য রাখেন। দীর্ঘদিন সিনেমায় ব্যবহৃত তার জনপ্রিয় সম্বোধন “এন নেঞ্জিল কুদিয়িরুক্কুম” দিয়ে তিনি ভাষণ শুরু করেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করে।
জানা গেছে, গত বিধানসভা নির্বাচনে তার দল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে ১০৮টি আসন পায়। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পরবর্তী কয়েকদিন রাজনৈতিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে প্রয়োজনীয় সমর্থন সংগ্রহ করা হয়।
বিশ্লেষকদের মতে, দায়িত্ব নেওয়ার শুরুতেই এ ধরনের ঘোষণা দিয়ে বিজয় রাজ্যের জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছেন। তবে আগামী কয়েকদিনের মধ্যেই তাকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে, যা তার সরকারের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version