
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করা ১০ জন নাগরিককে যাচাই-বাছাই শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) বিকেলে কুলাউড়া থানায় আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হস্তান্তর হওয়া ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন। তাদের বাড়ি নেত্রকোনা, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায়।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর জানান, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার পর স্বজনদের উপস্থিতিতে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে কুলাউড়া উপজেলার মুরইছড়া চা-বাগান সংলগ্ন সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ওই ১০ জনকে আটক করে। পরে বিজিবির মুরইছড়া ক্যাম্পে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
আটক ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করার পর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই শেষে বিজিবি তাদের কুলাউড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করে। পরে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।