
বাংলাদেশের এক কলেজছাত্রের উদ্ভাবিত ব্যাটারিচালিত ‘স্মার্ট কার’ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এসময় তরুণ উদ্ভাবকের তৈরি ছোট আকারের বৈদ্যুতিক বাহনটি পরিদর্শন করেন এবং নিজেও তাতে চড়ে দেখেন।
‘এ টু আই স্মার্ট কার’ নামের এই বিশেষ যানটি তৈরি করেছেন ১৭ বছর বয়সী ওয়াকিমুল ইসলাম। তিনি যশোরের চৌগাছা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নিজের চলাচলের সমস্যার সমাধান খুঁজতেই তিনি এই প্রযুক্তিনির্ভর বাহন তৈরির উদ্যোগ নেন।
সাক্ষাৎকালে ওয়াকিমুল প্রধানমন্ত্রীকে জানান, একসময় তিনি দীর্ঘ সময় ঘরে অবস্থান করতেন এবং একা চলাফেরা করা তার জন্য কঠিন ছিল। সেই অভিজ্ঞতা থেকেই সহজ ও স্বয়ংসম্পূর্ণ চলাচলের উপযোগী একটি যান তৈরির চিন্তা মাথায় আসে। পরে ধীরে ধীরে নিজস্ব প্রচেষ্টায় তৈরি করেন ব্যাটারিচালিত স্মার্ট কারটি।
প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এমন উদ্যোগ নেওয়ায় তরুণ উদ্ভাবকের প্রশংসা করেন। পাশাপাশি তিনি আরও কম খরচে আধুনিক ও ব্যবহারবান্ধব সংস্করণ তৈরির পরামর্শ দেন। এ ধরনের সৃজনশীল উদ্ভাবনে সরকারের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
ওয়াকিমুল ইসলাম জানান, প্রয়োজনীয় সহায়তা পেলে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির স্মার্ট কার তৈরি করা সম্ভব। তার দাবি, এই বাহন শুধু বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য নয়, বয়স্ক মানুষের চলাচলেও কার্যকর হতে পারে।
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল জানান, বৈদ্যুতিক চার্জে গাড়িটি প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এছাড়া এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৪৫ কিলোমিটার।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
