
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ মে নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এ মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে সিআইডি নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। এ সময় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম পরবর্তী তারিখ হিসেবে ১৭ মে ঠিক করেন।
মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে ১৪ ডিসেম্বর এ ঘটনায় ইনকিলাব মঞ্চ-এর সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করেন।
আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপর মামলায় হত্যা ধারা সংযোজনের নির্দেশ দেন আদালত।
এর আগে, চলতি বছরের ৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা, গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে উল্লেখিতদের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন এবং বাকিরা পলাতক।
তবে ওই চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে ১৫ জানুয়ারি মামলার বাদী আদালতে নারাজি আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব সিআইডি-কে প্রদান করে।
