মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন অকটেন বহন করে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। বৃহস্পতিবার সকালে জাহাজটি সেখানে নোঙর করে।
লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইনের তথ্য অনুযায়ী, একই দিন দুপুর থেকে জাহাজটি থেকে তেল খালাসের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। চলতি এপ্রিল মাসে এটি তৃতীয় অকটেনবাহী চালান।
এর আগে, ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে আসে। সব মিলিয়ে এই মাসে প্রায় ৭৯ হাজার টন অকটেন এসেছে, যা দৈনিক গড়ে ১২০০ টন চাহিদা অনুযায়ী দুই মাসের বেশি সময়ের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারবে।
প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বর্তমানে বহির্নোঙরে অকটেন ও ডিজেলসহ আরও পাঁচটি জাহাজ অপেক্ষমাণ রয়েছে। এছাড়া, বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস কার্যক্রম শুরু করেছে।
তিনি আরও বলেন, বন্দরে ডলফিন জেটির সংখ্যা মাত্র তিনটি হওয়ায় একসঙ্গে সব জাহাজকে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। এর পাশাপাশি প্রতিকূল আবহাওয়ার কারণে খালাস কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে।
