দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। টানা চতুর্থবারের মতো মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকায়। আগের দিনের তুলনায় ভরিতে কমেছে ২ হাজার ১৫৮ টাকা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (তেজাবি স্বর্ণ) দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই দর সমন্বয় করা হয়েছে।
এর আগে ২৯ এপ্রিল নির্ধারিত দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। ধারাবাহিকভাবে দর কমার ফলে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করা হচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস, যা বাজারের অস্থিরতার একটি প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
