চলতি এপ্রিল মাসের প্রথম ২৮ দিনে দেশে প্রায় ২৯১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান।
বুধবার (২৯ এপ্রিল) তিনি জানান, এ সময় দেশে মোট ২৯০ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২৫০ কোটি ৩০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯১১ কোটি ৭০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ১৯ দশমিক ৯০ শতাংশ বেশি।
এর আগে গত মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। এছাড়া ফেব্রুয়ারি ও জানুয়ারিতে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
গত ডিসেম্বর মাসে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার আসে। আর আগস্ট ও জুলাইয়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার), যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

