দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন তেলের দামও লিটারপ্রতি ৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে খোলা তেলের নতুন মূল্য দাঁড়িয়েছে ১৭৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা।

তিনি বলেন, বৈশ্বিক বাজারে নানা প্রতিকূলতার কারণে ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। যেসব পণ্য আমদানিনির্ভর, সেগুলোর ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের মূল্য বৃদ্ধি সরাসরি দেশের আমদানি ব্যয়ে প্রভাব ফেলে। সয়াবিন তেল পুরোপুরি আমদানিনির্ভর হওয়ায় এর প্রভাব স্থানীয় বাজারেও পড়েছে।

মন্ত্রী আরও জানান, রমজান মাস থেকেই আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বাড়তে শুরু করে। তখন থেকেই আমদানিকারক ও রিফাইনাররা মূল্য সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন। তাদের আশঙ্কা ছিল, দাম সমন্বয় না হলে তারা লোকসানে পড়বেন এবং পুঁজির সংকটে পড়তে পারেন।

সরকার বিষয়টি একাধিকবার পর্যালোচনা করে আন্তর্জাতিক বাজার, আমদানি ব্যয় এবং সংশ্লিষ্ট খরচ বিবেচনায় মূল্য বৃদ্ধির যৌক্তিকতা পেয়েছে। তবে ব্যবসায়ীদের প্রস্তাবিত পুরো মূল্য বৃদ্ধি অনুমোদন না দিয়ে ভোক্তাদের স্বার্থ বিবেচনায় সীমিত পরিসরে এই সমন্বয় করা হয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, এই সিদ্ধান্তে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং আমদানিকারক ও রিফাইনারদের ওপর চাপ কিছুটা কমবে। একই সঙ্গে ভোক্তারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিষয়টি ইতিবাচকভাবে নেবেন বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ভোজ্যতেল শিল্পের রিফাইনার ও আমদানিকারকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version