সারা দেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে মোট ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন। এর মধ্যে অংশ নেয় ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন, অনুপস্থিত থাকে ১১ হাজার ৮৯০ জন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও সমমান পরীক্ষায় ৬৫৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৯ হাজার ২৫০ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন, অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন। এ বোর্ডে কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত না হলেও একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
মাদরাসা শিক্ষা বোর্ডে দাখিলের কোরআন মজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জনের। তবে অংশ নেয় ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। ফলে অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন। এ বোর্ডে চারজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।
গড় অনুপস্থিতির হার সাধারণ বোর্ডগুলোতে ১.০৫ শতাংশ। এর মধ্যে বরিশাল বোর্ডে সর্বোচ্চ ১.৩৯ শতাংশ এবং দিনাজপুর বোর্ডে সর্বনিম্ন অনুপস্থিতি দেখা গেছে। মাদরাসা বোর্ডে অনুপস্থিতির হার ৪.৪০ শতাংশ এবং কারিগরি বোর্ডে ১.৯৩ শতাংশ।

