সারা দেশে একযোগে আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
বার্তায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই প্রথম পাবলিক পরীক্ষায় তারা যেন কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে। ভবিষ্যতের বাংলাদেশ গড়ার দায়িত্ব তাদের হাতেই থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও প্রার্থনা করেন, আল্লাহ যেন শিক্ষার্থীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দেন এবং সুস্থভাবে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেন।
শেষে তিনি সকল পরীক্ষার্থীর সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
উল্লেখ্য, এ বছর সারা দেশে প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে।


