বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেছেন, বাংলাদেশ দলে খেলতে হলে পারফর্ম করেই খেলতে হবে। প্রত্যেককে দায়িত্ব নিয়ে খেলতে হবে।

আগামীকাল বুধবার পাকিস্তানের বিপক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আসন্ন এই সিরিজের আগে আজ মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দলের অধিনায়ক।

বাংলাদেশ দলের অধিনায়ক মিরাজ বলেন, সেরা একাদশে যারা খেলে সবাইকে তরুণ বলতে পারবে না। অনেক বছর ধরে অনেকে খেলছে বাংলাদেশ দলে। সামর্থ্য আছে বলেই খেলছে।

তিনি আরও বলেন, সবার দায়িত্ব নেওয়া জরুরী। একাদশের সবাই পারফর্ম করার চেষ্টা করে। অজুহাত দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ দলে খেলতে হলে পারফর্ম করেই খেলতে হবে। ফলাফলের জন্য প্রত্যেক খেলোয়াড়কে দায়িত্ব নিয়ে, দলের জন্য খেলতে হবে।

মিরাজ জানান, অবশ্যই আমাদের লক্ষ্য আছে, যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ। এখন থেকে শুরু হয়েছে। অবশ্যই প্ল্যানিং করছি। ওয়ানডেতে আগে বেশ ভালো ফলাফল পেয়েছি। একটা ভালো প্যাটার্ন ছিল। অনেক সিনিয়র প্লেয়ার ছিলেন, একসাথে অনেকদিন খেলেছেন তাই প্যাটার্ন ভালো বুঝতে পেরেছেন। এখন তারা খেলছেন না, আমাদের দায়িত্ব নিতে হবে।

এই অলরাউন্ডার বলেন, ওয়ানডে এমন একটা খেলা যেখানে প্রতিটি পরিস্থিতি মানিয়ে নিতে হবে, এটা প্রত্যেকের জানা খুব জরুরী। ব্যাটারদের বেশি দায়িত্ব নিতে হবে। সেভাবে প্ল্যানিং করছি। শুরু হচ্ছে, কীভাবে সামনে এগিয়ে যেতে পারি চিন্তা করছি।

Share.
Leave A Reply

Exit mobile version