ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশ্বস্ত করে বলেন, এবারের নির্বাচন হবে ভীতিহীন, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই। নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং ভোটের আগে ও পরে মোট সাত দিন তারা মাঠে দায়িত্ব পালন করবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে খুলনা বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি জানান, নির্বাচনের আগে চারদিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পর দুইদিন করে মোট সাতদিন আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে মাঠে থাকবে। ফলে নির্বাচনের পরও কোনো সহিংসতার সুযোগ নেই।

নিরাপত্তা বাহিনীর পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, মাঠ পর্যায়ে প্রায় ১ লাখের বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে। এছাড়া নৌবাহিনীর ৫ হাজার, কোস্টগার্ডের ৪ হাজার, বিজিবির ৩৭ হাজার, র‍্যাবের ৯ হাজার, পুলিশের প্রায় দেড় লাখ এবং আনসার বাহিনীর প্রায় ৫ লাখ সদস্য নিয়োজিত থাকবে বলে জানান তিনি।

এ ছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সাধারণ কেন্দ্রের তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেশি থাকবে বলে জানিয়েছেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version