রাজবাড়ীতে তেলের টাকা না দিয়ে উল্টো প্রাইভেট কারের চাপায় পেট্রোল পাম্পের কর্মচারী রিপন সাহা নিহত হয়েছেন। এ ঘটনায় যুবদল নেতা আবুল হোসেন সুজন ও তাঁর প্রাইভেট কার চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। নিহত রিপন সাহা সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে।
ফিলিং স্টেশনের কর্মচারীরা জানায়, একটি কালো প্রাইভেট কার এসে পাঁচ হাজার টাকার তেল নেয়। টাকা না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে রিপন গাড়ির সামনে গিয়ে বাধা দেন। গাড়িটি চাপা দিয়ে চলে যাওয়ায় রিপন ঘটনাস্থলেই নিহত হন।
সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, গাড়িটি পাম্পে থামার পর ঠিকাদার আবুল হাসেম সুজন গাড়ি থেকে নামেন এবং পাশে দাঁড়িয়ে রিপনকে দিয়ে পাঁচ হাজার টাকার তেল ওই গাড়িতে তোলেন। এরপর সুজন গাড়ির পেছনের সিটে বসেন।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ভোর রাতে ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৬ নম্বরের গাড়িটি তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল। রিপন টাকার জন্য গাড়ির সামনে যান। কিছুক্ষণ পর অন্য শ্রমিক জাকির হোসেন মরদেহ মহাসড়কে পড়ে থাকতে দেখেন। মরদেহের মাথা ও মুখ থেঁতলানো ছিল।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার দায়ে ঠিকাদার আবুল হাসেম সুজন ও চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে হত্যা ও প্রতারণার মামলা দায়ের করেছেন।
