বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অটল রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশের এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করা সম্ভব হবে।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপোষ করবো না। আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপ খেলতে চাই। আরেকটি আয়োজক দেশ শ্রীলংকা আমরা সেখানে খেলতে প্রস্তুত।

তিনি আরও বলেন, ভারতে খেলতে না যাওয়ার এই অবস্থানে আমরা অনড়। কেন আমরা অনড়, সেটি আইসিসিকে যুক্তিসহ বোঝাতে পারবো বলে আশা করি। আইসিসি যদি নিরপেক্ষ ও সহৃদয়ভাবে আমাদের যুক্তিগুলো বিবেচনা করে, তাহলে আমরা যে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি, সেখানে আমাদের অংশগ্রহণ নিশ্চিত হবে।

উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং নিরাপত্তা উদ্বেগের কারণে ম্যাচগুলোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় নিরাপত্তার কথা বিবেচনায় রেখে ভারতের ভেন্যু থেকে বাংলাদেশের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য বিসিবির পক্ষ থেকে আইসিসির কাছে অনুরোধ জানানো হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version