ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার ঘটনার সঙ্গে ভারতের তুলনা টেনে প্রশ্ন তোলায় কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উপহাস ও কৌতুক শুরু হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার প্রসঙ্গ তুলে পৃথ্বীরাজ চৌহান প্রশ্ন করেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে, তেমন কিছু কি ভারতে ঘটতে পারে? ট্রাম্প কি ভারতের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন?

এনডিটিভি বলছে, পৃথ্বীরাজের এই প্রশ্নকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই হাস্যকর বলে মনে করছেন।

জম্মু ও কাশ্মীরের সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তা এসপি বৈদ কংগ্রেস নেতার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তার মতে, এই মন্তব্য ‘পুরো দেশের জন্য অপমানজনক’। সোশ্যাল মিডিয়ায় অনেকেই পৃথ্বীরাজ চৌহানের মন্তব্যকে ‘অশিক্ষিত’, ‘বোকা’ ইত্যাদি শব্দ দিয়ে বর্ণনা করেছেন।

দীর্ঘ কর্মজীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা চৌহান, মোদির সমালোচনা শুরু করেন ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিষয় দিয়ে।

তিনি বলেন, ‘৫০ শতাংশ শুল্কের মাধ্যমে বাণিজ্য সম্ভব নয়। বাস্তবে, এটি ভারত-মার্কিন বাণিজ্য, বিশেষ করে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি বন্ধ করার সমান। যেহেতু সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা যায় না, তাই বাণিজ্য বন্ধ করার জন্য শুল্ককে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ভারতকে এর ভার বহন করতে হবে।’

কংগ্রেস নেতা আরও বলেন, ‘আমাদের লোকেরা আগে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি থেকে যে মুনাফা অর্জন করত তা আর পাওয়া যাবে না। আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে এবং ইতোমধ্যেই সেই প্রচেষ্টা চলছে।’

এসব কথার পরই তিনি ‘এরপর কী’ প্রশ্নটি উত্থাপন করে বলেন, ‘ট্রাম্প যদি ভারতের সাথেও একই আচরণ করেন যা ভেনেজুয়েলার সাথে করেছেন?’

সূত্র: এনডিটিভি

Share.
Leave A Reply

Exit mobile version