বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক শোকবার্তায় তিনি বলেন, “মরহুম মাহমুদুল হাসান একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে তিনি গভীরভাবে আস্থাশীল ছিলেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি একজন আপোষহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করেছেন।”

‘জনসেবার মহান লক্ষ্য সামনে নিয়ে রাজনীতি করতেন বলেই সংসদ সদস্য ও সরকারের মন্ত্রী হয়ে নিজ এলাকাসহ সারাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক অবদান রাখেন। তিনি ছিলেন একাধারে প্রাজ্ঞ ও জনঘনিষ্ঠ রাজনীতিবিদ এবং সজ্জন ও বিনয়ী মানুষ হিসেবেও সর্বমহলে তার ছিল অকৃত্রিম গ্রহণযোগ্যতা।’

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতান্ত্রিক চেতনাকে দৃঢ়ভাবে বুকে ধারণ করে মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে তার লড়াই ছিল অবিস্মরণীয়। বর্তমান সময়ে তার মতো আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।

‘আমি মাহমুদুল হাসানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

এর আগে, সাবেক এই মন্ত্রী বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ‍মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। 

টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ জোহর মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

Share.
Leave A Reply

Exit mobile version