ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনটি হলের প্রবেশমুখে প্রতীকী পাকিস্তান পতাকা আঁকা হয়েছে। সেই প্রতীকী পতাকায় লেখা ছিল— ‘নো কম্প্রোমাইজ উইথ রাজাকার’। পরে শিক্ষার্থীদের একটি দল ওই চিত্রের ওপর হেঁটে প্রতিবাদ জানায়।
সোমবার বিকেলে জিয়াউর রহমান হল এবং বিজয় একাত্তর হলের প্রবেশপথে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে রোববার রাতে সার্জেন্ট জহুরুল হক হলেও একই ধরনের প্রতিবাদ কর্মসূচি করা হয়।
এর আগে শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনের মাটিতেও পাকিস্তানের পতাকা লাগিয়ে সেটির ওপর পায়ে হাঁটতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেসব ছবি দেখা যায়। কিন্তু পরে হলগুলোর সামনে সেই পতাকা আর দেখা যায়নি।
ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কারিব চৌধুরী বলেন, মহান বিজয় দিবসের এই মাসে আমাদের আজকের উদ্যোগ হলো সেই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতার এক প্রকাশ, যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি।
তিনি আরও বলেন, একই সঙ্গে আমরা ঘৃণা ও প্রতিবাদ জানাই সেই পাক-হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার-আলবদরদের প্রতি, যারা আমাদের মা-বোনদের ওপর নির্বিচারে নির্যাতন চালিয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের নৃশংসভাবে হত্যা করেছিল।
‘এই প্রতিবাদ, এই ক্ষোভ—সবই আমাদের ইতিহাসের প্রতি দায়বদ্ধতা এবং মানবতার প্রতি অঙ্গীকার থেকে উৎসারিত’ উল্লেখ করে তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই উচ্চারণ স্বাধীনতার মূল্য স্মরণ করিয়ে দেবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকার বার্তা দেবে।
