আহত জুলাইযোদ্ধাদের জন্য মিরপুরে ১,৫৬০টি ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার জন্য ১,৩৪৪ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন করবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ।

সোমবার (১ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় এই প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে চলতি বছরের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত।

এছাড়া, জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের জন্য স্থায়ী আবাসনের উদ্যোগ হিসেবে আলাদা একটি প্রকল্প নেওয়া হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে, যার জন্য বাজেট ধরা হয়েছে ৭৬১ কোটি টাকা। এই প্রকল্প ২০২৮ সালে সম্পন্ন হবে।

সভায় ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৭টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬০৯ কোটি টাকা ৭০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।

প্রধান উপদেষ্টা সভাপতিত্বে সভায় অংশ নেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

Share.
Leave A Reply

Exit mobile version