সিলেট পর্ব দিয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার কথা থাকলেও তা আর হবে না। অন্যবারের মতো এবারও ঢাকা পর্ব দিয়েই দ্বাদশতম বিপিএল শুরু হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সদস্য কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটের পর্যটন মৌসুমে বছরের শেষ সময়ে পর্যাপ্ত হোটেল পাওয়া যাচ্ছে না। এজন্য আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় বিপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। গভর্নিং কাউন্সিলের ওই সদস্য বলেন, “একটি সমস্যা তৈরি হওয়ায় আমরা মিরপুর থেকেই টুর্নামেন্ট শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।”

তাই ২০১৭ সালের পর বিপিএলের কোনো মৌসুম মিরপুরের পরিবর্তে সিলেটে শুরু হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা টুর্নামেন্ট শুরুর আগেই শেষ হয়ে গেল। এতে করে বিপিএলের শুরু এক সপ্তাহ পেছানোর পাশপাশি ভেন্যুও পরিবর্তন করতে বাধ্য হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর টানা দুই দিন মিরপুরে খেলা হওয়ার পর এক দিন বিরতি থাকবে বিপিএলে। এরপর ২৯ ও ৩০ ডিসেম্বর আবার হবে। আর আগামী ৩ জানুয়ারি শুরু হবে সিলেট পর্ব।

Share.
Leave A Reply

Exit mobile version