জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন সতর্কতা উচ্চারণ করে বলেছেন, সরকারের ভেতরের একটি গোষ্ঠী ঐকমত্য কমিশনের সুপারিশ উপেক্ষা করে নিজেদেরই ‘ঐকমত্য কমিশন’ হয়ে উঠতে চাচ্ছে, যা আসন্ন নির্বাচনের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।

তিনি সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, তাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান যে সরকারের ভেতরের কোনো একটি অংশ নির্বাচন সংস্কারকে ভণ্ডুল করে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলাপ-আলোচনার ভিত্তিতেই ঐকমত্য কমিশন তাদের সুপারিশ উপস্থাপন করেছে এবং সেই সুপারিশের ভিত্তিতেই সরকারের আদেশ জারি করার কথা ছিল। কিন্তু যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরও এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ–আলোচনার কথা বলা হয়, তখন মনে হয়, সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলো নিয়ে ‘সাপ-লুডো খেলছে’।

তিনি বলেন, আমরা ৯৬-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার তিনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। এ অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সংকট আরও ঘনীভূত হচ্ছে।

আখতার হোসেন অতি দ্রুত সরকারকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সরকারকে নিজস্ব উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়ন সম্পর্কিত আদেশ জারি করতে হবে। পাশাপাশি, আগামী সংসদকে ক্ষমতা প্রদান করে সেটিকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করা এবং জনগণের মতামত গণভোটের মাধ্যমে স্বীকৃতি পেলে তা স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত করার সুপারিশও বাস্তবায়ন করতে হবে।

Share.
Leave A Reply

Exit mobile version