ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা দখল ইস্যুতে নীতিগত মতবিরোধের জেরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানেগবিকে বরখাস্ত করেছেন। কাতারে হামলা এবং গাজা সিটি দখল অভিযানে সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্বের পরই এই পদক্ষেপ নেন নেতানিয়াহু।

হানেগবি নিজেই বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ৭ অক্টোবর হামাসের হামলাকে ঘিরে ইসরায়েলের ব্যর্থতা নিয়ে “বিস্তারিত তদন্ত” হওয়া উচিত, এবং সেই ব্যর্থতার দায় তিনি নিজেও নিচ্ছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, নেতানিয়াহু হানেগবিকে জানিয়ে দিয়েছেন—জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান নিয়োগ দেওয়া হবে। এর ফলে হানেগবির দায়িত্বকাল শেষ হয়েছে।

ইয়েদিয়থ আহরোনথ পত্রিকার খবরে জানা যায়, হানেগবির স্থলাভিষিক্ত হয়েছেন জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান গিল রেইখ। তিনি এখন সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গত মাসে দোহায় হামাস নেতাদের ওপর চালানো বিমান হামলা এবং গাজা সিটি দখল অভিযান নিয়ে দু’জনের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। মন্ত্রিসভার বৈঠকে হানেগবি সতর্ক করে বলেছিলেন—“গাজা সিটি দখল করলে ইসরায়েলি বন্দিদের জীবনের ঝুঁকি বাড়বে।”

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর দোহায় চালানো ইসরায়েলি হামলায় পাঁচ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এই হামলার নিন্দা জানিয়েছে বহু দেশ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬৮ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version