সৌদি আরব ঘোষণা দিয়েছে, এখন থেকে যেকোনো ধরনের ভিসাধারী দেশটিতে ওমরাহ পালন করতে পারবেন। রবিবার সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনের প্রক্রিয়াকে আরও সহজ, সাশ্রয়ী ও সবার জন্য উন্মুক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি ‘সৌদি ভিশন ২০৩০’-এর অংশ, যার মাধ্যমে ধর্মীয় পর্যটন খাতকে সম্প্রসারণ এবং ওমরাহযাত্রীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্য রয়েছে।
মন্ত্রণালয় বলেছে, এই সুবিধার আওতায় আসছে ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কাজের ভিসা এবং অন্যান্য সব ধরনের ভিসা। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের সব প্রান্তের মুসলমানদের শান্তিপূর্ণ ও সহজভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের সুযোগ সৃষ্টি হয়েছে।
হজ মন্ত্রণালয় আরো জানিয়েছে, ‘নুসুক ওমরাহ’ নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ওমরাহ পালনের প্যাকেজ বেছে নিতে, অনুমতি নিতে এবং অন্যান্য সেবা বুক করতে পারবেন।সময়সূচিও ইচ্ছেমতো নির্ধারণ করা যাবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই সব উদ্যোগ পবিত্র দুই মসজিদের খাদেম ও যুবরাজের নির্দেশনায় নেওয়া হয়েছে, যাতে মুসলমানরা নিরাপদ, আধ্যাত্মিক পরিবেশে উচ্চমানের সেবা পেয়ে ওমরাহের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে পারেন।
সূত্র : গালফ নিউজ
