ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে প্রাণঘাতী রোগ প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (পিএএম)-এ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ।

এই রোগটি একটি বিরল ও মারাত্মক মস্তিষ্কের সংক্রমণ, যা সাধারণভাবে ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ নামে পরিচিত।

জর্জ জানান, এ বছর মোট ৬৯টি সংক্রমণ শনাক্ত হয়েছে।

রোগটির বিস্তার রোধে কেরালা রাজ্য ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে বলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ডিডি নিউজ জানিয়েছে।

এই বিরল সংক্রমণটির জন্য দায়ী নায়েগলেরিয়া ফোউলেরি নামের অ্যামিবা। এটি অযত্নে রক্ষিত সুইমিং পুল, স্প্ল্যাশ প্যাড এবং অন্যান্য বিনোদনকেন্দ্রে পাওয়া গেছে বলে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে।

সিডিসির তথ্য মতে, এ রোগটি মানুষের মস্তিষ্কে সংক্রমণ ঘটিয়ে মস্তিষ্কের টিস্যু ধ্বংস করতে সক্ষম বলে সাধারণভাবে এটিকে ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ বলা হয়।

কেরালায় এই সংক্রমণ নতুন নয়। রাজ্যে প্রথম প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (পিএএম) শনাক্ত হয় ২০১৬ সালে। কেরালা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত এক দশকে রাজ্যের বিভিন্ন এলাকায় এই রোগের কয়েকটি বিচ্ছিন্ন কেস শনাক্ত হয়েছে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

Share.
Leave A Reply

Exit mobile version