শচীন টেন্ডুলকার আর এমএস ধোনির বিদায়ের পর ভারতীয় ক্রিকেটে নতুন তারকারা নেতৃত্ব দিয়েছেন। এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাই ভবিষ্যতের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দলকে নতুনভাবে সাজাতে চাইছে।

টেস্টে অধিনায়কত্ব এবং টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কের দায়িত্বে থাকা শুভমান গিলকেই এবার ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই। নির্বাচকরা চাইছেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে গিল যেন পর্যাপ্ত সময় পান নিজের নেতৃত্বগুণ প্রমাণ করার জন্য এবং দলকে সুসংগঠিত করার জন্য।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, গিলকে ওয়ানডে অধিনায়ক করার সিদ্ধান্ত মূলত হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। এদিকে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়া সফরই হতে পারে তার শেষ সিরিজ অধিনায়ক হিসেবে।

রোহিত অবশ্য ওয়ানডে খেলতে চালিয়ে যেতে চান এবং আরেকবার বিশ্বকাপ জেতার স্বপ্নও দেখছেন। কিন্তু ২০২৭ সালের বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪০। একমাত্র ওয়ানডে ফরম্যাটে খেলে ফর্ম ও ফিটনেস ধরে রাখা তার জন্য কঠিন হতে পারে। তাই নির্বাচক কমিটিই ঠিক করবে রোহিতকে কতদিন অধিনায়ক রাখা হবে।

সূত্র বলছে, শুধু ওয়ানডে নয়, ভবিষ্যতে টি-টোয়েন্টি নেতৃত্বও গিলের হাতে উঠতে পারে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সূর্যকুমার যাদবের পরিবর্তে তাকেই অধিনায়ক করার পরিকল্পনা করছে বিসিসিআই।

Share.
Leave A Reply

Exit mobile version