বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক নেতার। নিহতের নাম লোকমান হোসেন (৫৫)। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাগন্তিনগর গ্রামের ফরমান আলীর ছেলে এবং বেরিবাইদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গোবুদিয়া এলাকায় কাকরাইদ-মাগন্তিনগর সড়কে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় লোকমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

একই ঘটনায় লোকমানের সঙ্গে থাকা জামাল হোসেন ও ইন্নস আলী নামে আরও দুই বিএনপি কর্মী আহত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার জানান, বিকেল সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে করে শোভাযাত্রায় যোগ দিতে মধুপুরের পথে ছিলেন লোকমান ও তার সঙ্গীরা। পথে গোবুদিয়া মুচার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা খায় তাদের মোটরসাইকেল। এতে তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার আগেই লোকমান হোসেন মারা যান।

ঘটনার পর কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের নেতৃত্বে স্থানীয় নেতারা নিহতের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ নেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Share.
Leave A Reply

Exit mobile version