ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অন্তত ৫১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীভূমি জেলা থেকে এ বাংলাদেশিরা গ্রেপ্তার করা হয়েছে, যা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা।

মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত রোববার শ্রীভূমি জেলা থেকে ৩০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার ওই জেলার সীমান্ত থেকে আরও ২১ বাংলাদেশিকে ধরা হয়।

মুখ্যমন্ত্রী শর্মা বলেন, “পৃথক দুই ঘটনায় শ্রীভূমি সেক্টর থেকে ২১ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। এর মাধ্যমে অনুপ্রবেশ-বিরোধী কার্যক্রম আরও জোরদার হয়েছে। আমরা বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অভিযান অব্যাহত রাখব।”

পুলিশ জানায়, রোববার শ্রীভূমি ও দক্ষিণ সালমারা মনকাচার জেলা থেকে মোট ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে নারী ও শিশুদেরও অন্তর্ভুক্ত ছিল।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “গ্রেপ্তারের আগে সবাই সীমান্তের কাছাকাছি অবস্থান করছিল। তারা সম্প্রতি ভারতে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। রোববার রাতে সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।”

দক্ষিণ সালমারা মানকাচারে গ্রেপ্তার হওয়া ছয় বাংলাদেশির মধ্যে দু’জন পুরুষ, দু’জন নারী এবং এক ও তিন বছর বয়সী দুই শিশু ছিল। তারা জম্মু ও কাশ্মির থেকে ট্রেনে গুয়াহাটি এসেছেন এবং সেখান থেকে সড়কপথে শ্রীভূমি সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “এই অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের জনসংখ্যার কাঠামো পরিবর্তন করছে এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার লঙ্ঘন করছে। যেখানে তাদের থাকা উচিত, তারা সেখানেই ফেরত পাঠানো হবে।”

Share.
Leave A Reply

Exit mobile version