জাতীয়করণের দাবি নাকচ করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেছেন, “জাতীয়করণ একটি জটিল প্রক্রিয়া, যা শুধুমাত্র নির্বাচিত সরকারই করতে পারে। অন্তর্বর্তী সরকার তা বাস্তবায়ন করতে পারবে না।”

তবে এমপিওভুক্ত শিক্ষকদের অন্যান্য দাবির বিষয়ে তিনি একমত প্রকাশ করে ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দেন। বুধবার (১৩ আগস্ট) শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। সভা সূত্রে জানা গেছে, বদলির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ইতোমধ্যে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া শিক্ষকদের বাড়িভাতা ১ হাজার টাকা বাড়িয়ে ২ হাজার ও চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১ হাজার করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাড়িভাড়া ও অন্যান্য ভাতা বৃদ্ধির বিষয়ে শিক্ষকদের কাছ থেকেও প্রস্তাবনা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৈঠকে উপস্থিত একাধিক শিক্ষক জানিয়েছেন, দাবিগুলো যৌক্তিক হিসেবে বিবেচনা করছে সরকার এবং ধাপে ধাপে তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। তবে শিক্ষকদের হুঁশিয়ারি, আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ১৫ সেপ্টেম্বর থেকে কঠোর কর্মসূচি শুরু করবেন তারা।

Share.
Leave A Reply

Exit mobile version