গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সামনে নানা ধরনের রাজনৈতিক সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি ওয়ান ইলেভেনের মতো হতে পারে কিংবা নতুন কোনো ফ্যাসিবাদী শাসনের উদ্ভব ঘটতে পারে। এমন পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়া হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

নুর বলেন, এসব সংকট মোকাবেলায় ছাত্রসমাজকে সতর্ক ও সজাগ থাকতে হবে, যাতে ভবিষ্যতে শেখ হাসিনার মতো আর কোনো ফ্যাসিবাদী শাসনের জন্ম না হয়।

রোববার (১০ আগস্ট) বিকেল ৫ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অনেকেই ধারণা করছেন যে দেশের রাজনৈতিক সমঝোতা হয়ে গেছে, নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং কে ক্ষমতায় যাবে আর কে বিরোধী দলে থাকবে—সবকিছু নির্ধারিত। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখনও অস্থিরতা ও অনিশ্চয়তার মেঘ ঘনিয়ে উঠছে বলে মন্তব্য করেন নুরুল হক নুর।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর উদাহরণ দিয়ে বলেন, ১১ দিন আগেও ওয়ান ইলেভেনের ব্যাপারে কেউ জানতো না। নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, কিন্তু শঙ্কা কাটেনি।

তার দাবি, সংস্কার শেষে ক্ষমতা পরিবর্তনের জন্য জবাবদিহিমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

Share.
Leave A Reply

Exit mobile version