জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের গণকবরের ইটগুলো পর্যন্ত ভালোভাবে দেওয়া হচ্ছে না—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২ আগস্ট) রায়েরবাজার শহীদ বেদিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “এখানে মোট ১১৪টি কবর আছে। দেশের জন্য যারা শহীদ হয়েছেন, তাদের কবরগুলোও যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। এই বিষয়টি আপনারা প্রচার করুন।”

তিনি আরও বলেন, “এখানে শতাধিক শহীদের দাফন করা হয়েছে। তাদের মধ্যে অনেককে এখনও শনাক্ত করা যায়নি। এখন তাদের আত্মীয়-স্বজন শনাক্তকরণে সম্মত হয়েছেন। আমরা দ্রুত ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের শনাক্ত করার ব্যবস্থা নিচ্ছি।”

ডিএনএ ও পোস্টমর্টেম প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, “যেহেতু ডিএনএ টেস্ট করা হবে, সেহেতু লাশগুলোর পোস্টমর্টেমও হয়ে যাবে। এটি ডাক্তার ও সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে করা হবে।”

প্রক্রিয়া ধীরগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বিচার চলছে। কিছু মামলা বিচারাধীন, কিছু মামলার বিচার শুরু হয়েছে। ধাপে ধাপে সব মামলাকে বিচার প্রক্রিয়ার আওতায় আনা হবে।”

Share.
Leave A Reply

Exit mobile version