দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে জাতীয় ঐক্যের প্রশ্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা এবং বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগের মধ্যে রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আনার উদ্যোগ নিয়েছে সরকার। আর সেই উদ্যোগের অংশ হিসেবেই আগামীকাল সোমবার জাতীয় নাগরিক পার্টি—এনসিপির নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার ২৩ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনসিপির সঙ্গে আলোচনার মধ্য দিয়েই সরকারের রাজনৈতিক সংলাপের নতুন পর্ব শুরু হতে যাচ্ছে।
সরকারি ও দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুধু এনসিপি নয়, পর্যায়ক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে সব দলকে নিয়ে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজনও করা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের মধ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলা এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোই এই আলোচনার অন্যতম উদ্দেশ্য।
এনসিপির পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলটির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানিয়েছেন, আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে। সরকারের এই আমন্ত্রণকে ইতিবাচক হিসেবেই দেখছে দলটি।
তবে বৈঠকে শুধু রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেই থেমে থাকতে চায় না এনসিপি। দলটির মতে, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য এনসিপির নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। আলোচনায় জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তার কারণগুলো তুলে ধরবেন এনসিপি নেতারা।
বিশেষ করে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার যে অভিযোগ রয়েছে, সেটিও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে চান তারা। একই সঙ্গে গণভোটের ফলাফলের আলোকে জুলাই সনদ বাস্তবায়নসহ নিজেদের পাঁচ দফা দাবিও বৈঠকে উপস্থাপন করবে দলটি।
এখন দেখার বিষয়, এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠক রাজনৈতিক দলগুলোর মধ্যকার দূরত্ব কমাতে কতটা ভূমিকা রাখে। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের দলগুলোকে নিয়ে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে এই আলোচনা নতুন কোনো সমীকরণ তৈরি করে কি না, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।
