মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বাড়ছে যুদ্ধের উত্তাপ। এবার ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে উপসাগরীয় দেশ বাহরাইন। দেশটির একটি বেসামরিক শিল্প স্থাপনায় হামলার পর ছড়িয়ে পড়ে আগুন। ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনাটি। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। অন্যদিকে বাহরাইনে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার ২১ নভেম্বর গভীর রাতে বাহরাইনে এই হামলার ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে আসা একাধিক আকাশপথের হামলা প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ঘটনাটিকে ইরানের আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলার কারণে একটি বেসামরিক শিল্প স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দেশটির জরুরি উদ্ধার ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। যদিও হামলার শিকার শিল্প স্থাপনাটির নাম কিংবা সুনির্দিষ্ট অবস্থান এখনো প্রকাশ করেনি বাহরাইন সরকার।
এর আগে দেশটির বিভিন্ন এলাকায় বেজে ওঠে বিমান হামলার সতর্কসংকেত। সম্ভাব্য বিপদ এড়াতে বাসিন্দাদের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে ঠিক কী ধরনের হামলার আশঙ্কা করা হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বড় ধরনের অভিযান চালানোর দাবি করেছে ইরানের আইআরজিসি।
সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি এলাকায় মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই অভিযানে ঘাঁটি দুটিতে থাকা যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে ইরানের এই সামরিক বাহিনী।
আইআরজিসির বক্তব্য অনুযায়ী, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক তৎপরতার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা এবং যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল। এর পরিপ্রেক্ষিতে আইআরজিসির মহাকাশ বাহিনী বাহরাইনে মার্কিন সামরিক অবস্থানগুলোতে হামলা চালায়।
এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলার খবর প্রকাশ করে। সংস্থাটির দাবি, বাহরাইনের শেখ ঈসা ও জুফাইর এলাকায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।
ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, দেশটির হেনগাম দ্বীপে একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া হিসেবেও এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে।
তবে এখানেই শেষ নয়। বাহরাইনের সিত্রা দ্বীপে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়ে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে বলেও দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।
বাহরাইন নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আইআরএনএ জানায়, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় একাধিকবার যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
যদিও ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হওয়া কিংবা প্যাট্রিয়ট ব্যবস্থায় ত্রুটির এই দাবির বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সব মিলিয়ে বাহরাইনে শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড, মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য—সবকিছুই মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বাহরাইনে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের দাবি করা এই অভিযান কি নতুন কোনো সামরিক সংঘাতের সূচনা করবে, নাকি পাল্টাপাল্টি হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে?
