বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনার দাবি জানিয়ে সরকারের চার সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে দলটির বিরুদ্ধে ওঠা সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনেরও দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মো. রবিউল করিমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির ১৬ পৃষ্ঠার এই আইনি নোটিশ পাঠান।
নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব এবং পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে। এতে প্রস্তাবিত পদক্ষেপগুলো গ্রহণ না করার কারণ ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আগামী ২২ নভেম্বর হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
নোটিশে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার স্থায়ী আইনি ভিত্তি তৈরিতে জাতীয় সংসদে নতুন আইন প্রণয়ন অথবা সংসদ অধিবেশন না থাকলে অধ্যাদেশ জারির প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ কার্যক্রমে অর্থায়ন ও সংগঠিত করার ক্ষেত্রে শাস্তির বিধান, সম্পদ বাজেয়াপ্ত এবং হাইকোর্টের মাধ্যমে বিচারিক পর্যালোচনার সুযোগ রাখার কথা বলা হয়েছে।
এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ তদন্তে সুপ্রিম কোর্টের কর্মরত অথবা অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে ৯০ দিনের স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানানো হয়েছে।
প্রস্তাবিত কমিশনকে অভিযোগের পাশাপাশি অর্থায়নের উৎস এবং কোনো বিদেশি পক্ষের সম্পৃক্ততা বা সহায়তা ছিল কি না, তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং জাতিসংঘে পাঠানোর প্রস্তাবও রয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, বাংলাদেশের কূটনৈতিক মিশনের মাধ্যমে বিদেশি সরকারগুলোকে নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে হবে। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আওতায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে জাতিসংঘকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় আওয়ামী লীগকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনার জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানানোর প্রস্তাবও রয়েছে আইনি নোটিশে।
অন্যদিকে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় নিষিদ্ধ সশস্ত্র কার্যক্রমে জেনেশুনে অর্থায়ন, সংগঠন বা সহায়তার অভিযোগ তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথাও উল্লেখ করা হয়েছে।
তবে নোটিশে স্পষ্ট করা হয়েছে, বৈধ রাজনৈতিক মতামত, শান্তিপূর্ণ ভিন্নমত প্রকাশ এবং সরকারের সমালোচনাকে কোনোভাবেই শাস্তির আওতায় আনা যাবে না।
