দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও অবকাঠামোগত প্রস্তুতিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির ১০ দিনব্যাপী পর্যালোচনায় কেন্দ্রটির নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোর প্রশংসা করা হয়েছে।
গত ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে এই পর্যালোচনা কার্যক্রম পরিচালিত হয়। ১৮ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে রূপপুরের জরুরি প্রস্তুতির বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার পরামর্শ দিয়েছে আইএইএ।
পর্যালোচনায় বাংলাদেশের দুটি বিষয়কে বিশেষ শক্তি হিসেবে চিহ্নিত করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতা।
বিশেষজ্ঞরা কেন্দ্রটির বিশেষায়িত চিকিৎসাসেবা, মনস্তাত্ত্বিক সহায়তার ব্যবস্থা এবং অগ্নিনির্বাপণ কর্মীদের প্রশিক্ষণের জন্য নির্মিত আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। প্রকল্পসংশ্লিষ্টদের দাবি, কেন্দ্রের অভ্যন্তরীণ জরুরি ব্যবস্থাপনায় কোনো নির্দিষ্ট ঘাটতি চিহ্নিত করেনি আইএইএ।
শনিবার (২১ নভেম্বর) এ বিষয়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, আইএইএর মূল্যায়ন বুঝতে হলে অন-সাইট ও অফ-সাইট জরুরি ব্যবস্থাপনার পার্থক্য জানতে হবে।
তাঁর ব্যাখ্যা অনুযায়ী, অন-সাইট ব্যবস্থাপনার আওতায় বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব দুর্ঘটনা মোকাবিলা, অগ্নিনির্বাপণ, চিকিৎসাসেবা এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। অন্যদিকে অফ-সাইট ব্যবস্থাপনা নির্ভর করে জাতীয় ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উদ্ধারকারী সংস্থাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ের ওপর।
তিনি জানান, রূপপুরের নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থা ও প্রশিক্ষণ অবকাঠামো আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছে প্রশংসিত হয়েছে। তবে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও কার্যকর করার পরামর্শ দেওয়া হয়েছে। এটিকে কেন্দ্রের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব বণ্টন, সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় জরুরি প্রস্তুতি আরও শক্তিশালী করাই আইএইএর সুপারিশের মূল লক্ষ্য।
পর্যালোচনা মিশনের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার জানান, পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণের ক্ষেত্রে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকার দেখিয়েছে। রূপপুরের কমিশনিং প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতাপূর্ণ মনোভাবেরও প্রশংসা করেন তিনি।
অন্যদিকে বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুরের কার্যক্রম শুরুর আগে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। আইএইএর এই পর্যালোচনা দেশের প্রস্তুতি যাচাই এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর সুযোগ তৈরি করেছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, আইএইএর সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব নির্ধারণ করে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে।
সংশ্লিষ্টদের মতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং ও বাণিজ্যিক উৎপাদনের প্রস্তুতির মধ্যে আইএইএর এই মূল্যায়ন গুরুত্বপূর্ণ। কেন্দ্রটির নিজস্ব জরুরি সক্ষমতার ইতিবাচক মূল্যায়নের পাশাপাশি জাতীয় পর্যায়ে সমন্বয় আরও উন্নত করার সুযোগ তৈরি হয়েছে।
