মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে নারী, পুরুষ ও শিশুসহ ৭২ জনকে মাছ ধরার ট্রলারে তুলে ছয় থেকে সাত দিন সাগরে ঘোরানোর পর কক্সবাজার সমুদ্রসৈকতে নামিয়ে পালিয়েছে মানবপাচারকারী চক্র। শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাতে কক্সবাজারের লাবণী পয়েন্টে ট্রলারটি ভেড়ানো হয়। এ ঘটনায় পুলিশ ২৮ জনকে উদ্ধার করেছে। অন্যরা তীরে নেমে বিভিন্ন দিকে চলে গেছেন বলে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া ২৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী ও একজন শিশু রয়েছেন।
ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় করে তাঁদের সাগরে থাকা একটি বড় ট্রলারে নেওয়া হয়। ওই ট্রলারে নারী ও শিশুসহ মোট ৭২ জন ছিলেন। এরপর তাঁদের নিয়ে দিনের পর দিন সাগরে ঘোরানো হয়।
একপর্যায়ে প্রতিকূল আবহাওয়া এবং যাত্রীদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগকে কেন্দ্র করে ট্রলারে থাকা মাঝিমাল্লা ও পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে শুক্রবার মধ্যরাতে ট্রলারটি কক্সবাজারের লাবণী পয়েন্টে ভেড়ানো হলে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়।
উদ্ধার হওয়া যাত্রীদের একজন টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার মোহাম্মদ ইলিয়াস জানান, ছোট নৌকায় করে তাঁদের বড় ট্রলারে তোলা হয়েছিল। কয়েক দিন সাগরে থাকার পর মাঝিমাল্লা ও দালালদের মধ্যে বিরোধের কারণে ট্রলারটি কক্সবাজারের তীরে নিয়ে আসা হয়। এরপর পাচারকারীরা পালিয়ে গেলে যাত্রীরা বিভিন্ন দিকে চলে যান।
এ ঘটনায় টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার আব্দুল আমিনের (৪১) চক্রের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, এই চক্রের সদস্যরা প্রথমে মালয়েশিয়াগামীদের জিম্মি করে রাখেন। পরে রাতের অন্ধকারে ছোট নৌযানের মাধ্যমে তাঁদের সাগরের মাঝপথে বড় ট্রলারে তুলে দেন।
স্থানীয়দের অভিযোগ, আব্দুল আমিনের বিরুদ্ধে হত্যা ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া টেকনাফ এলাকায় আরও কয়েকটি চক্র মানবপাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। এসব চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মানবপাচারকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের ক্যাম্পে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।
