সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি টাওয়ারে হুতিদের হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ঢাকা।
শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা শুধু সংশ্লিষ্ট দেশের নিরাপত্তাকেই ঝুঁকিতে ফেলে না, বরং পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করে। পাশাপাশি উত্তেজনা কমিয়ে আনার আন্তর্জাতিক প্রচেষ্টাও বাধাগ্রস্ত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সৌদি আরবের সরকার এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে। আঞ্চলিক পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে এ ধরনের বৈরী কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে ঢাকা।
