রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপের দেশগুলোর সামরিক সহায়তা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ইউক্রেনকে অস্ত্র ও অর্থ দিয়ে দীর্ঘদিন সহযোগিতা করার পরিবর্তে এখন যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। কারণ, রাশিয়া বর্তমানে শান্তি আলোচনায় বসতে আগ্রহী বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইউক্রেনের পক্ষে অবস্থান নেওয়া ইউরোপীয় মিত্রদের সঙ্গে এক ফোনালাপে এসব কথা বলেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চীনের শেনজেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেই বৈঠক শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এয়ার ফোর্স ওয়ান থেকে বার্লিনে অবস্থানরত ইউক্রেনের মিত্রদের একটি বৈঠকে টেলিফোনে যোগ দেন তিনি।
আলোচনায় অংশ নেওয়া ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার পেছনে ইউরোপের দেশগুলোর বিপুল অর্থ ব্যয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
বিশেষ করে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ নামে পরিচিত ইউক্রেন-সমর্থক দেশগুলোর জোটের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই জোটের মাধ্যমে ইউক্রেনকে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া হচ্ছে।
ট্রাম্পের বক্তব্যের মূল বিষয় হলো, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে ক্রমাগত অস্ত্র ও অর্থ সরবরাহ না করে রাশিয়ার সঙ্গে আলোচনার পথ খুঁজে বের করা। তার দাবি, মস্কো যখন আলোচনায় আগ্রহ দেখাচ্ছে, তখন ইউরোপের উচিত সেই সুযোগ কাজে লাগানো।
তবে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার বিষয়ে ইউরোপীয় দেশগুলোর অবস্থান এবং ট্রাম্পের এই মন্তব্য ভবিষ্যতে পশ্চিমা মিত্রদের মধ্যে নতুন মতপার্থক্য তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।
