কক্সবাজারে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের জন্য অনুষ্ঠিত হয়েছে বিশেষ কর্মসংস্থান মেলা। এতে দেশের বিভিন্ন খাতের ৪০টি প্রতিষ্ঠান অংশ নেয়। দিনব্যাপী আয়োজনে এক হাজারের বেশি চাকরিপ্রার্থী উপস্থিত হন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে জমা পড়ে ৮৫০টিরও বেশি জীবনবৃত্তান্ত (সিভি)। পাশাপাশি বেশ কয়েকজন প্রার্থী প্রাথমিকভাবে চাকরির জন্য নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) কক্সবাজারে ‘আইজেক জব ফেয়ার ২০২৬’ নামে এ মেলার আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে ‘কক্সবাজারে নারী ও যুবদের দক্ষতা ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি (আইজেক)’ প্রকল্পের অধীনে এ উদ্যোগ নেয়।
মেলার মূল উদ্দেশ্য ছিল চাকরিপ্রার্থী, নিয়োগদাতা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র এবং বিভিন্ন শিল্প খাতের প্রতিনিধিদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি করা। এর মাধ্যমে তরুণদের অর্জিত দক্ষতার সঙ্গে বর্তমান শ্রমবাজারের চাহিদার সমন্বয় ঘটানোর চেষ্টা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তরুণদের বাজার উপযোগী দক্ষতা অর্জনের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার সক্ষমতাও তৈরি করতে হবে। এ ধরনের উদ্যোগ কক্সবাজারের অর্থনৈতিক অগ্রগতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। তরুণদের কর্মজীবনের জন্য প্রস্তুত করতে আইজেক প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) শাহানা সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) শেখ মুরশিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল আলম, বাংলাদেশে কানাডীয় হাইকমিশনের প্রথম সচিব পার্ল উইয়েরেঙ্গা এবং কক্সবাজার চেম্বার অব কমার্সের উপদেষ্টা আবেদ হাসান সাগরসহ অন্যরা।
স্বাগত বক্তব্যে আইজেক প্রকল্পের জাতীয় প্রকল্প ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বলেন, তরুণদের জন্য মানসম্মত চাকরির সুযোগ তৈরি করতে প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে বাস্তব শ্রমবাজারের চাহিদার যোগসূত্র বাড়ানো প্রয়োজন। চাকরির মেলা নিয়োগদাতা ও চাকরিপ্রার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করছে। বিশেষ করে নারীদের কর্মসংস্থানে প্রবেশের ক্ষেত্রেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন জানান, ২০২৬ সালে অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম থেকে প্রায় দেড় হাজার তরুণ-তরুণী প্রশিক্ষণ নিয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৫০০ জন ইতোমধ্যে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
তিনি আরও জানান, ২০২৩ সাল থেকে আইজেক প্রকল্পের আওতায় প্রায় ৩০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে আইএলও ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো চাকরিপ্রার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহের পাশাপাশি সরাসরি সাক্ষাৎকার নেয়। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চাকরির প্রস্তুতি, প্রয়োজনীয় দক্ষতা এবং কর্মজীবনের সম্ভাবনা নিয়েও পরামর্শ দেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পর্যটন ও হোটেল খাতের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ছিল সায়েমান হেরিটেজ হোটেল, রামাডা বাই উইন্ডহ্যাম, হোটেল দ্য কক্স টুডে, হোটেল জলতরঙ্গ, ওশান প্যারাডাইস, স্বপ্নীল সিন্ধু, ডেরা রিসোর্ট, হোটেল সি প্যালেস, ইনানী রয়্যাল রিসোর্ট ও বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ।
এ ছাড়া বিডিজবস, ওয়ালটন, বাংলাদেশ কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন, চকরিয়া সিটি হাসপাতাল, চকরিয়া জেনারেল হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার, কক্সবাজার স্কিল নেটওয়ার্ক এবং জিয়া আইটি ফার্মসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মেলায় অংশ নেন।
দিনের শেষ পর্বে অতিথিরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে।
