আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এসব ফল আমদানিতে ব্যবসায়ীদের করের বোঝা আগের তুলনায় কমবে বলে আশা করা হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে মাত্র ৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ খেজুর আমদানিতে শুল্ক কমেছে ২০ শতাংশ।
অন্যদিকে, আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত কোডের আওতায় মাল্টা ও আপেল আমদানিতে মোট করভার উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। আগে এসব পণ্যের ওপর মোট করের পরিমাণ ছিল ১২১ দশমিক ৭৮ শতাংশ। নতুন সিদ্ধান্তে তা কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের বিস্তারিত জানানো হয়।
এদিকে একই বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন পেয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, আগে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হতো। তবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই নিয়ম পরিবর্তন করে প্রতি তিন মাসে একবার রিটার্ন জমা দেওয়ার বিধান করা হয়েছিল।
কিন্তু নতুন নিয়ম চালুর পর মাঠপর্যায়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে আবারও আগের নিয়মে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সংশোধিত আইনে মাসিক ভ্যাট রিটার্ন জমা দেওয়ার বিধান পুনর্বহাল করা হচ্ছে।
এ জন্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারায় সংশোধন আনার প্রয়োজন দেখা দেয়।
মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানায়, সংশ্লিষ্ট সময়ে জাতীয় সংসদের অধিবেশন না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছিলেন। এবার সেই অধ্যাদেশকে আইনে পরিণত করার লক্ষ্যে সংশোধিত আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের আইনি যাচাই সম্পন্ন করতে হবে।
সরকারের এই সিদ্ধান্তে রমজানের আগে ফল আমদানির খরচ কমার পাশাপাশি বাজারে খেজুর, মাল্টা ও আপেলের দাম সহনীয় পর্যায়ে আসবে কি না, এখন সেদিকেই নজর ক্রেতা ও ব্যবসায়ীদের।
