দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সাধারণ মানুষের হাতের নাগালে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য খাতে ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে চিকিৎসকসহ স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি ও কর্মমানসিকতায় পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, দেশের স্বাস্থ্যসেবায় বিদ্যমান সমস্যাগুলো কাটিয়ে উঠতে পুরো ব্যবস্থাকে নতুন করে সাজানো প্রয়োজন। চিকিৎসা খাতে বিপুল অর্থ বিনিয়োগ এবং মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসাশাস্ত্রে পড়াশোনার সুযোগ দেওয়া হলেও সাধারণ মানুষ এখনো সেই বিনিয়োগের কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না। এ অবস্থার পরিবর্তনে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তন জরুরি।
শুক্রবার সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
চিকিৎসা নিতে গিয়ে সাধারণ মানুষকে নানা ধরনের জটিলতা ও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশের বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে অনেকের জন্য প্রয়োজনীয় চিকিৎসা পাওয়াই কঠিন হয়ে উঠেছে। বিশেষ করে দাঁতের চিকিৎসার খরচ বেশি হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের পক্ষে সেই ব্যয় বহন করা কঠিন।
সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, অনেক হাসপাতালে প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা কম। বিশেষ করে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকের সংকট প্রকট। কোথাও কোথাও পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীরা বাধ্য হয়ে অপ্রশিক্ষিত ব্যক্তিদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন।
এই পরিস্থিতি মোকাবিলায় গ্রামীণ ও প্রান্তিক এলাকার সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে কাজ করার মানসিকতা তৈরির ওপরও জোর দেন রাষ্ট্রপতি। তাঁর মতে, চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করার পর অনেক তরুণ চিকিৎসক গ্রামে যেতে আগ্রহী হন না। আবার কেউ সেখানে যোগ দিলেও অল্প সময়ের মধ্যে অন্য প্রশিক্ষণ কিংবা বিকল্প কাজে চলে যান। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই প্রবণতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন।
স্বাস্থ্য খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা এবং পেশাগত দায়িত্ববোধ থাকলে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।
এ সময় পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, পেশাগত সংগঠনে রাজনৈতিক প্রভাব বিস্তার করা উচিত নয়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনের নেতৃত্ব ও কার্যক্রমে ব্যাপক পরিবর্তনের যে প্রবণতা রয়েছে, সেটিও বন্ধ হওয়া দরকার।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশের মানুষ একটি ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা পূরণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি সার্বজনীন, জনবান্ধব ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
আন্তর্জাতিক এই সম্মেলন আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে। পাশাপাশি দেশের ডেন্টাল সার্জনদের পেশাগত উন্নয়ন এবং দাঁতের চিকিৎসাসেবার মানোন্নয়নেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের একপর্যায়ে রাষ্ট্রপতি সংগঠনের স্মারকগ্রন্থ উন্মোচন করেন। পরে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ডা. মো. আলমগীর কবির। এ ছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।
