তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফিরিয়ে নিতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এর প্রভাব স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা এবং আঞ্চলিক নিরাপত্তার ওপরও পড়তে পারে।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন তিনি। বিশেষ করে জলবায়ু অর্থায়ন ও সংশ্লিষ্ট উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ, অভিবাসন ব্যবস্থাপনা এবং মানবিক সংকট মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।
